‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত হয়ে সোহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের ছয় মাস না পেরোতেই জামায়াতে ইসলামী সরকারে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দলটির নেতারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, ‘সুযোগ পেলে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট রূপ ধারণ করবে। এখনই তাদের কর্মকাণ্ড নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।’
জামায়াত নেতা আমির হামজার বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, তিনি বিভিন্ন সময়ে নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোকেও নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
নুরের দাবি, জামায়াতের নেতাদের এমন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তিনি বলেন, যারা নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দেয়, তাদের বক্তব্য ও আচরণ ইসলামের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে জামায়াত-শিবিরের অতীত কর্মকাণ্ড নিয়েও নতুন করে ভাবতে হবে।
তিনি বলেন, উগ্রবাদী কোনো সংগঠনকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হলে দেশে উগ্রবাদের বিস্তার ঘটতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তরুণসহ সব শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, উগ্রবাদ প্রতিরোধে এখনই রাজনৈতিক ও সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।