৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই মাইক্রোফোনের সমস্যায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। পরে তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর নাম ঘোষণা করেন এবং ভোটের নিয়ম ও পদ্ধতি সংসদ সদস্যদের জানান।
এরপর নির্বাচনি সহায়ক কর্মকর্তারা সংসদ সদস্যদের আসনে গিয়ে ব্যালট পেপার পৌঁছে দেন। সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর নামের পাশে ভোট দিচ্ছেন এবং পরে ব্যালট বাক্সে তা জমা দিচ্ছেন।
ভোটগ্রহণের শুরুতে প্রথম ভোটটি দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচনে সংসদের ৩৪৯ জন সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। পর্যায়ক্রমে সংসদ সদস্যদের ব্যালট দেওয়া হচ্ছে। ব্যালটে দুই প্রার্থীর নাম রয়েছে। পছন্দের প্রার্থীর নামের পাশে চিহ্ন দেওয়ার পর নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ব্যালট বাক্সে ফেলছেন সদস্যরা।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তা হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করছেন। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।
ভোটগ্রহণ শুরুর পর প্রথম ২০ মিনিট সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট দেওয়ার দৃশ্য সম্প্রচার করা হচ্ছে।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর ব্যালট বাক্স খুলে প্রকাশ্যে ভোট গণনা করা হবে। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি।
দীর্ঘ বিরতির পর এবার দুই প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোট নেওয়া হচ্ছে। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়ের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনের ফলাফলে দুই প্রার্থী কত ভোট পান, সেটিও রাজনৈতিক অঙ্গনে আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
নির্বাচনে জয়ী প্রার্থী আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।