বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী বিশ্ববাজারে হালাল শিল্পের বড় সম্ভাবনা দেখছেন তথ্যমন্ত্রী সরকারি ব্যাংকে আমানত কতটা নিরাপদ, ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ

    সিরিজ জিততে ম্যাকাইয়ে নতুন পরীক্ষায় টাইগাররা

    সিরিজ জিততে ম্যাকাইয়ে নতুন পরীক্ষায় টাইগাররা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডারউইনে ঐতিহাসিক ৯ উইকেটের জয় তুলে নেওয়ার পর এবার সিরিজ জয়ের লক্ষ্যে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণের ধকল সামলে নাজমুল হোসেন শান্তদের সামনে এখন নতুন পরীক্ষা—অস্ট্রেলিয়ার নবীনতম টেস্ট ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার বাইশ গজ।

    ভোর ৫টার ফ্লাইট ধরতে প্রায় সারারাতই নির্ঘুম কাটাতে হয়েছে বাংলাদেশ দলকে। ডারউইন থেকে ক্রেইন্স ও টাউনসভিল হয়ে প্রায় ১২ ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে মঙ্গলবার ম্যাকাইয়ে পৌঁছান শান্তরা। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

    ডারউইনে জয়ের পর এবার অচেনা পরিবেশে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। আগামী শনিবার এই মাঠেই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। ম্যাচটি জিততে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের ইতিহাস গড়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।

    বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। স্থানীয়দের কাছে মাঠটি আগে হারাপ পার্ক নামে পরিচিত ছিল।

    ডারউইনে দীর্ঘ ২১ বছর পর টেস্ট ক্রিকেট ফিরলেও ম্যাকাইয়ের এই মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাও খুব বেশি নয়। গত ৩১ বছরে এখানে প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে মাত্র পাঁচটি। ফলে দুই দলের কাছেই ভেন্যুটি অনেকটাই অপরিচিত।

    মাঠটিতে মূলত অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলা হয়। ক্রিকেটের মধ্যে নারী বিগ ব্যাশের কয়েকটি ম্যাচ আয়োজন করা হয়েছে। ১৯৯৫-৯৬ মৌসুমে এখানে প্রথমবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের লাল বলের ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ বিরতির পর ২০১৫-১৬ মৌসুমে শেফিল্ড শিল্ডের ম্যাচ আয়োজিত হয়।

    এরপর ২০২৩-২৪ মৌসুমে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি গোলাপি বলের ম্যাচ এবং ২০২৪ সালের অক্টোবরে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত হয়।

    রেনশের অভিজ্ঞতাই অস্ট্রেলিয়ার ভরসা

    ম্যাকাইয়ের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি রয়েছে। মজার বিষয়, দুটিই করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাট রেনশ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে তাঁকে রাখা হয়েছে। ফলে নতুন ভেন্যুতে রেনশের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে অস্ট্রেলিয়া।

    তবে শুধু বাংলাদেশের জন্যই নয়, ভেন্যুটি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছেও খুব বেশি পরিচিত নয়। তাই নতুন মাঠ ও পিচের চরিত্র নিয়ে দুই দলকেই কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে।

    মাঠের পরিসংখ্যান অবশ্য কিছুটা ধারণা দিচ্ছে। এখন পর্যন্ত এখানে ৬০ শতাংশ ম্যাচে টস জিতে দলগুলো প্রথমে ব্যাটিং করেছে। তাদের ৮০ শতাংশ ম্যাচেই জয় এসেছে। প্রথম ইনিংসে গড় রান ২৫৭। পেসাররা নিয়েছেন ১২২টি উইকেট, আর স্পিনারদের দখলে রয়েছে ৫০ উইকেট।

    ম্যাকাইয়ের এই মাঠের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসও বেশ বিচিত্র। ১৯৯২ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এখানে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হয়েছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে খেলা হয়েছিল মাত্র দুই বল।

    সেই ম্যাচে শ্রীলঙ্কার পেসার চম্পাকা রামানায়েকে বল করেছিলেন এবং ভারতের ব্যাটিংয়ে ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।

    কুইন্সল্যান্ডের টেস্ট ক্রিকেট বলতেই এত দিন সবার আগে এসেছে ব্রিসবেনের গ্যাবার নাম। গ্যাবার বাউন্সি উইকেট নিয়ে প্রতিপক্ষের আলাদা প্রস্তুতি থাকে। তবে ম্যাকাইয়ের উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে এবার দুই দলেরই কৌতূহল।

    অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্ট ভেন্যুগুলোর তালিকায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল, পার্থ স্টেডিয়াম, বেলেরিভ ওভাল, মানুকা ওভাল ও গ্যাবার মতো মাঠ রয়েছে। এর পাশাপাশি ডারউইনের মাররারা ওভাল ও কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামও বিভিন্ন সময়ে টেস্ট আয়োজন করেছে।

    এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ম্যাকাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়েই দেশের ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার।

    বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ের টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহও বেড়েছে। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সাধারণ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

    দ্বিতীয় দিনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলীয় দর্শকদের মধ্যেও ম্যাচটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

    একদিকে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, অন্যদিকে ধবলধোলাই এড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার। এর সঙ্গে যোগ হয়েছে নতুন টেস্ট ভেন্যুর রহস্য—সব মিলিয়ে ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে রোমাঞ্চের কমতি থাকার কথা নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন