হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২২ জনে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম-সংক্রান্ত নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্ত আরও ১১০৫
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৮ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম-সংক্রান্ত পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ বিশ্লেষণ ও সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।