ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৮০৫

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৭ জন, ময়মনসিংহে ৬৫, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, রাজশাহীতে ৫৫, রংপুরে ৭, বরিশালে ৮০ এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে রোববার পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২২ হাজার ১৫৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।