বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী বিশ্ববাজারে হালাল শিল্পের বড় সম্ভাবনা দেখছেন তথ্যমন্ত্রী সরকারি ব্যাংকে আমানত কতটা নিরাপদ, ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি
  • শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী

    শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

    তিনি বলেছেন, কোনো ধরনের শর্তের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালিত হওয়া উচিত।

    বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

    রিজভী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’

    তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন বিভিন্ন দেশে যাবেন, তেমনি অন্য দেশের নেতাদেরও বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে।

    বিএনপির এই নেতা বলেন, ‘প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা সম্মান করব। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও সমতার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, ভারত যদি কোনো স্বার্থ বা শর্ত ছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আমন্ত্রণ জানায়, তাহলে বাংলাদেশ সরকার তা ইতিবাচকভাবে দেখবে। তবে কোনো ধরনের বিশেষ স্বার্থ বা শর্ত যুক্ত থাকলে বাংলাদেশ সেই পথে এগোবে না।

    তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। এর বাইরে কোনো ধরনের সম্পর্ককে বিএনপি সরকার সমর্থন করবে না।

    এ সময় বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।

    কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন