স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাকে এই মুক্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
তিনি জানান, দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে। এর আগে চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুরে তার মেয়ে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জমা দেন। আবেদন পর্যালোচনার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর পর থেকেই স্বামীর দাফন সম্পন্ন করতে মায়ের প্যারোলে মুক্তির জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছিলেন তানি দিপাবলি নেওয়াজ। দীপু মনির প্যারোলে মুক্তির পর তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন পাওয়া গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।