বাংলাদেশ ভ্রমণে সতর্ক করল কানাডা

বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করে দেশটির নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার আগের পরামর্শও বহাল রেখেছে কানাডা।
কানাডা সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে ১০ আগস্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ভ্রমণ পরামর্শ প্রকাশ করা হয়। এতে বাংলাদেশকে এখনো ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রাখা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সহিংসতার ঘটনাও ঘটতে পারে।
কানাডা সরকার জানিয়েছে, বিক্ষোভ বা রাজনৈতিক কর্মসূচির কারণে হঠাৎ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং বিভিন্ন স্থানে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রমণরত কানাডীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। কোনো এলাকায় বিক্ষোভ শুরু হলে সেখানে না যাওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শও দেওয়া হয়েছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে কানাডার ভ্রমণ সতর্কতা আরও কঠোর। এই অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ বহাল রাখা হয়েছে। রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকির কথা উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে দেশটি।
কানাডা সরকারের সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশে ভ্রমণ বা অবস্থানের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ ও বড় ধরনের জমায়েতের আশপাশে না যাওয়ার পাশাপাশি স্থানীয় পরিস্থিতি সম্পর্কে আগাম তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে কানাডা।