বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশজুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

হাম পরিস্থিতির এই পরিসংখ্যানের মধ্যে নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন