বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

উত্তরা ছিনতাই: সোয়া কোটি টাকা উদ্ধারে তৎপর ডিবি

উত্তরা ছিনতাই: সোয়া কোটি টাকা উদ্ধারে তৎপর ডিবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে নেওয়ার সময় ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দ্রুতই ছিনতাইকারীদের আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, ‘আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী, অচিরেই আসামিদের ধরে ফেলব।’

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ঢাকা মহানগরে সংঘটিত বেশিরভাগ আলোচিত অপরাধের ঘটনা ডিবি তদন্ত করে সফলভাবে উদঘাটন করেছে এবং আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও তদন্তের মাধ্যমে উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ জানান তিনি।

যেভাবে ছিনতাই হয়

এর আগে গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে উত্তরা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

রোববার বেশি টাকা নেওয়া হয়েছিল

মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাম্পটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হয়। ফলে রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি পরিমাণ টাকা বহন করা হচ্ছিল। সেই সুযোগেই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মালিকানার সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মীয়ের নাম

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে বলে সূত্রে জানা গেছে।

তবে ছিনতাইয়ের ঘটনায় কারা জড়িত এবং টাকা উদ্ধারে এখন পর্যন্ত কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ডিবি। তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন