তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান তিন জেলার পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে দেওয়া হয়েছে খুলনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব। আর সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর জেলার বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।