ফাইনালের মঞ্চের আগেই কি মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা?

২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই সম্ভাব্য নকআউট লড়াই নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলই যদি নকআউট পর্বে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা যেতে পারে বহু প্রতীক্ষিত এক মহারণ।
বিশ্বকাপে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। সম্ভাব্য এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। মায়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে সেলেসাওরা। আগামী ২৯ জুন হিউস্টনে শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ জাপান।
অন্যদিকে, আর্জেন্টিনা গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। তাদের একটি ম্যাচ বাকি থাকলেও নকআউট নিশ্চিত। শেষ বত্রিশে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।
ব্রাজিলকে সেমিফাইনালে পৌঁছাতে হলে জাপানের পর সম্ভাব্যভাবে নরওয়ে, ফ্রান্স কিংবা অন্য শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হতে পারে। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে আসতে পারে ইংল্যান্ড।
অন্যদিকে, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে উঠলে তাদের সামনে অপেক্ষা করতে পারে পর্তুগাল। সেই ম্যাচ হলে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল আলোচিত দ্বৈরথও দেখা যেতে পারে।
দুই দলই যদি নিজেদের প্রথম তিনটি নকআউট ম্যাচ জিতে নেয়, তাহলে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টায়, বাংলাদেশ সময় রাত ১টায়।
বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
ব্রাজিলের জয়: ২টি
আর্জেন্টিনার জয়: ১টি
ড্র: ১টি
সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।