বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সাংবাদিকের প্রশ্নে মেসি প্রসঙ্গ এড়িয়ে গেলেন রোনালদো

সাংবাদিকের প্রশ্নে মেসি প্রসঙ্গ এড়িয়ে গেলেন রোনালদো
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে জোড়া গোল করে দলের অন্যতম নায়ক ছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচ-পরবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফুটবলীয় পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় আসে তাঁর প্রতিক্রিয়া।

হিউস্টন স্টেডিয়ামের মিক্সড জোনে সাক্ষাৎকার দেওয়ার সময় লিওনেল মেসির নাম আসতেই কিছুটা বিরক্তি প্রকাশ করেন ৪১ বছর বয়সী এই তারকা। টিএনটি স্পোর্টসের এক সাংবাদিক অন্য ফুটবল তারকাদের পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে প্রশ্ন শুরু করেন।

সাংবাদিক বলেন, “গতকাল লিওনেল মেসি দুটি গোল করেছেন, এমবাপ্পে, হালান্ড... আর তুমি প্রতিনিয়ত প্রমাণ করেই চলেছ যে...”

কিন্তু প্রশ্নটি শেষ হওয়ার আগেই সাংবাদিককে থামিয়ে দেন রোনালদো। তিনি বলেন, “এগিয়ে যাও, এগিয়ে যাও, অন্য প্রশ্ন করো...”

পরে সাংবাদিক প্রশ্নটি সম্পূর্ণ করলে রোনালদো জবাব দেন। প্রশ্ন ছিল, মেসি, এমবাপ্পে কিংবা হালান্ডের পারফরম্যান্সের পর আজ কি তিনি দেখিয়ে দিলেন যে তিনিও এখনও শীর্ষ পর্যায়ে আছেন?

জবাবে রোনালদো বলেন,

“আমি সবসময়ই আসি। আগে হোক বা পরে, আমি ঠিকই সেখানে থাকি। আমার কাজ চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যা করি তার ওপর পূর্ণ বিশ্বাস রাখি। যারা কঠোর পরিশ্রম করে, ঈশ্বর তাদের সাহায্য করেন। আমার পুরো ক্যারিয়ারটাই এমন ছিল এবং এটি বদলানোর কিছু নেই।”

সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য স্বপ্নের ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলেও সেটিকেও গুরুত্ব দিতে চাননি পর্তুগিজ অধিনায়ক।

তিনি বলেন,

“এই প্রশ্নের কী উত্তর দেব জানি না। প্রশ্নটির তেমন কোনো অর্থ নেই। অবশ্যই এমন একটি ফাইনাল চমৎকার হতে পারে। তবে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয় পাওয়া এবং গ্রুপ পর্ব পার হওয়া।”

রোনালদো আরও যোগ করেন,

“কলম্বিয়ার বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ অপেক্ষা করছে। কিন্তু আমরা প্রথম লক্ষ্য অর্জন করেছি। আমি গোল করেছি, দলকে সাহায্য করেছি এবং পুরো দলই ভালো খেলেছে। এখন আমরা সামনে এগিয়ে যেতে চাই।”


রোনালদোর বক্তব্য ও আচরণ থেকে স্পষ্ট, তিনি বর্তমানে ব্যক্তিগত তুলনা কিংবা দীর্ঘদিনের মেসি-রোনালদো বিতর্কে আগ্রহী নন। তাঁর মূল মনোযোগ দলীয় সাফল্য এবং টুর্নামেন্টে পর্তুগালের অগ্রযাত্রা নিশ্চিত করা।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রোনালদো। তবে ম্যাচ শেষে মেসির প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ঘটনাও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন