সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

আর্জেন্টিনায় উন্মোচিত হলো মেসির সর্ববৃহৎ ভাস্কর্য

আর্জেন্টিনায় উন্মোচিত হলো মেসির সর্ববৃহৎ ভাস্কর্য
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। মাঠে অসাধারণ পারফরম্যান্স, অসংখ্য শিরোপা জয় এবং বিশ্ব ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউকুয়েনের কাট্রাল কো শহরে এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল। তবে আর্জেন্টিনার নতুন ভাস্কর্য সেই রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার এবং ওজন প্রায় ৭০ টন। এটিই এখন পর্যন্ত মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত।

আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

স্থানীয়রা জানান, এই ভাস্কর্য কেবল মেসির ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হবে।

ভাস্কর্যটি আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ ও ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে নির্মাণ করা হয়েছে। এর ভেতরের কাঠামো ইস্পাত দিয়ে তৈরি এবং বাইরে তিন স্তরের কংক্রিটের আবরণ ব্যবহার করা হয়েছে। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দেখানো হয়েছে, সামনে বিশ্বকাপ ট্রফি এবং বুকে তিনটি সোনালি তারা।

ভাস্কর অ্যালদো বেরোইসা এটি নির্মাণ করেন। স্থানীয় শ্রমিকদের নিয়ে প্রায় এক বছর ধরে কাজ করে তিনি এই প্রকল্প সম্পন্ন করেন। তার ভাষ্যমতে, উদ্বোধনের আগ পর্যন্ত তারা রাতভর কাজ করেছেন।

তিনি জানান, শুরুতে ১.৭২ মিটার উচ্চতার একটি ভাস্কর্য তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু বিশাল ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত নেন।

এর আগে গত বছর কলকাতায় মেসির ২১ মিটার উঁচু একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, যা পরবর্তীতে স্থায়িত্বজনিত সমস্যার কারণে সরিয়ে ফেলা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ