হাজারীর মা ফুল: সুন্দরী কালঞ্চ, মহাকাশেও যাত্রা করেছে

গাছের চেয়েও যেন ফুলের আধিক্য বেশি—এমন অদ্ভুত ও নয়নকাড়া এক উদ্ভিদ ‘কালঞ্চ’ (Kalanchoe)। তবে আমাদের দেশে এটি ‘হাজারীর মা’ বা ‘মাদার অব থাউসেন্ডস’ (Mother of Thousands) নামেই বেশি পরিচিত। পাতাকে ছাপিয়ে হাজার হাজার ফুলের ভারে যখন গাছটি নুয়ে পড়ে, তখন এর নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। ক্যাকটাস জাতীয় এই রসাল ও রঙিন উদ্ভিদটি এখন শৌখিন বাগানবিলাসীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
ইতিহাস ও পরিচিতি
কালঞ্চ মূলত Crassulaceae পরিবারের একটি উদ্ভিদ, যার আদি নিবাস আফ্রিকা, মাদাগাস্কার ও দক্ষিণ এশিয়া। এর প্রায় ১২৫টিরও বেশি প্রজাতি রয়েছে, যার মধ্যে আমাদের অতি পরিচিত ‘পাথরকুঁচি’ গাছটিও এই গোত্রেরই অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক মহলে এর পরিচিতি Kalanchoe Daigremontiana x tubifola নামে।
মহাকাশ অভিযানের প্রথম সঙ্গী
কালঞ্চের ঝুলিতে রয়েছে এক অনন্য গৌরবগাথা। এটিই পৃথিবীর প্রথম উদ্ভিদ যা গবেষণার উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়েছিল। প্রতিকূল পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণেই বিজ্ঞানীরা একে মহাকাশ ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন।
বৈশিষ্ট্য ও প্রজনন
এই উদ্ভিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর টিকে থাকার ক্ষমতা। রসাল পাতার কিনার থেকেই অসংখ্য ছোট ছোট চারার জন্ম হয়, যা মাটিতে পড়লেই নতুন গাছের সৃষ্টি করে। জাত ভেদে কালঞ্চের ফুলের রঙে দেখা যায় চোখ ধাঁধানো বৈচিত্র্য—লাল, কমলা, হলুদ বা গোলাপি রঙের স্তবকে ছেয়ে যায় পুরো গাছ।
যত্ন ও রক্ষণাবেক্ষণ
বাগানবিলাসীদের মতে, কালঞ্চের তেমন কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না। খুব অল্প পানিতে এবং সাধারণ রোদেই এই গাছটি বেড়ে ওঠে। এর রসাল পাতা পানি জমিয়ে রাখতে পারে বলে দীর্ঘ সময় পানি না দিলেও গাছটি সতেজ থাকে।