মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

৩রা মার্চ বিরল চন্দ্রগ্রহণ

৩রা মার্চ বিরল চন্দ্রগ্রহণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী ৩রা মার্চ (মঙ্গলবার) মহাকাশে এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই গ্রহণের পূর্ণ রূপ উপভোগ করা সম্ভব না হলেও শেষ পর্যায়ে আংশিক দৃশ্য দেখা যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোর তথ্যমতে, বাংলাদেশ সময় আগামী ৩রা মার্চ দুপুর ২টা ৪৪ মিনিট ২৫ সেকেন্ডে চন্দ্রগ্রহণটি শুরু হবে। গ্রহণটির বিভিন্ন পর্যায় অতিক্রম করে এটি রাত ৮টা ২৩ মিনিটে সম্পন্ন হবে। প্রায় ৫ ঘণ্টা ৩৯ মিনিটের এই দীর্ঘ প্রক্রিয়ায় চাঁদ পৃথিবীর ছায়ার আড়ালে ঢাকা পড়বে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণের মূল পর্যায় যখন চলবে, বাংলাদেশে তখন দিন থাকবে। দিনের আলোয় চাঁদ দৃশ্যমান না হওয়ায় গ্রহণের প্রধান অংশটি এ দেশের আকাশ থেকে দেখা যাবে না। তবে আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যার পর বিশেষ সুযোগ মিলতে পারে।

সংশ্লিষ্টরা জানান, সূর্যাস্তের পর যখন পূর্ব আকাশে চাঁদ উদিত হবে, তখন গ্রহণের একেবারে শেষ পর্যায়ের আংশিক অংশ দৃশ্যমান হতে পারে। ঢাকার আকাশে রাত ৮টা ২৩ মিনিটে গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত এই দৃশ্য অবলোকন করা যাবে।

মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ চশমার প্রয়োজন নেই; এটি খালি চোখেই নিরাপদভাবে দেখা যায়। তবে ভালো অভিজ্ঞতার জন্য টেলিস্কোপ বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মেঘলা আকাশ বা কুয়াশা থাকলে এই আংশিক দৃশ্য দেখাও বাধাগ্রস্ত হতে পারে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ