বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

শেষ বলে জয়, সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

শেষ বলে জয়, সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

থাইল্যান্ডে অনুষ্ঠিত রাইজিং স্টারস নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এর বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় পায় বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতায় স্বাগতিক থাইল্যান্ডের এর বিপক্ষেও জয় তুলে নেয় তারা, যদিও সহজ ম্যাচটিকে কিছুটা কঠিন করে তোলে শেষ দিকে।

দলের এই ধারাবাহিক সাফল্যে টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এখন সেমিফাইনালে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে ওঠাই লক্ষ্য বাংলাদেশের তরুণীদের।

 সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংককে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার ৯ উইকেটে ১০৩ রান করে থাইল্যান্ডের মেয়েরা। লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ফারজানা ইয়াসমিন চার-ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে এক বল আগেই জয় উপহার দেন।


ভারত-পাকিস্তান ম্যাচে একপেশে জয়, সুপার এইটে ভারত
এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে।

তারথাই ক্রিকেট গ্রাউন্ডে লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চাপ সামলে উঠতে না উঠতে হারাতে থাকে একের পর এক উইকেট। ৩.৫ ওভারে দলীয় ১১ রানেই হারায় ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিকের উইকেট।

এই ধাক্কা সামলে লতা মণ্ডলকে নিয়ে দলের হাল ধরেন শামিমা সুলতানা। চতুর্থ উইকেটে দুজনের ৪৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। তবে ১২তম ওভারে সাজঘরে ফিরে যান শামিমা। বিদায়ের আগে ২৯ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান করেন এই ওপেনার।

এরপর অধিনায়ক ফাহিমা ১৬ বলে ১২ ও লতা ৪০ বলে ৩০ রানে আউট হলে জয় প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশের। কিন্তু ফারজানা ইয়াসমিনের শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কায় টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা।

এর আগে, ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাই ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই। নাটথাকান ছানথামের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও শরিফা খাতুন। একটি করে উইকেট নেন তিনজন বোলার। তবে ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারজানা। আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন