চোখে সুতার মতো কিছু ভাসছে? হতে পারে এটি ফ্লোটার

অনেকেই চোখের সামনে ছোট ছোট কালো দাগ বা সুতার মতো কিছু ভেসে বেড়াতে দেখেন। বিশেষ করে সাদা দেওয়াল বা উজ্জ্বল আকাশের দিকে তাকালে এগুলো আরও স্পষ্ট হয় এবং মনে হয় এগুলো চোখের সঙ্গে ঘুরছে। চিকিৎসকদের ভাষায় এই সমস্যাকে বলা হয় “ফ্লোটার”।
চোখের ভেতর ভিট্রিয়াস হিউমার নামে একটি জেলের মতো স্বচ্ছ পদার্থ থাকে, যা বয়স বাড়ার সঙ্গে ঘনত্ব পরিবর্তনের কারণে তরল হয়ে যায়। এর মধ্যে থাকা ক্ষুদ্র তন্তু ও প্রোটিন কণাগুলো জমাট বাঁধে এবং রেটিনার উপরে ছায়া ফেলে, যা চোখে ফ্লোটার হিসেবে দেখা যায়।
ফ্লোটারের সাধারণ কারণগুলোতে রয়েছে:
-
বয়সজনিত পরিবর্তন: মেকুলার ডিজেনারেশন বা রেটিনার বার্ধক্য
-
প্রদাহ: পোস্টিরিয়র ইউভিয়াইটিস বা ভিট্রিয়াস জেলের প্রদাহ
-
রেটিনোপ্যাথি বা চোখে আঘাত: চোখের ভিতরের রক্তক্ষরণ বা রেটিনার ক্ষতি
-
ডিজেনারেটিভ মায়োপিয়া: দূরদৃষ্টি বা মায়োপিয়া থাকা
ফ্লোটার সাধারণত ছোট কালো বা ধূসর বিন্দু, সরু সুতার মতো রেখা, অথবা মাকড়সার জালের মতো দেখায়। এগুলো চোখ নড়াচড়া করলে চোখের সঙ্গে ঘুরতে দেখা যায়।
চিকিৎসকেরা সতর্ক করেছেন, যদিও অধিকাংশ ফ্লোটার নিরাপদ, কিছু ক্ষেত্রে এটি গুরুতর চোখের সমস্যার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে সতর্ক হতে হবে যদি:
-
হঠাৎ ফ্লোটারের সংখ্যা বেড়ে যায়
-
আলোর ঝলকানি দেখা দেয়
-
দৃষ্টি ঝাপসা হয়ে আসে
-
চোখে ব্যথা বা লালচে ভাব থাকে
-
নতুন ফ্লোটার হঠাৎ দেখা দেয়
গুরুতর লক্ষণ না থাকলে ফ্লোটার সাধারণত চিকিৎসা ছাড়া নিয়ন্ত্রণযোগ্য। তবে নতুন বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা নিয়মিত চোখের পরীক্ষা করানোর উপর গুরুত্ব দেন, যাতে সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও প্রতিকার করা যায়।
চোখের স্বাস্থ্য রক্ষার জন্য সচেতন থাকা এবং অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ এটি দৃষ্টি রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।