আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ ও সমাজের দায়

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সামনে নতুন করে এক বড় প্রশ্ন তুলে ধরেছে। শুক্রবারের ঘটনায় দেখা গেছে, একদিকে বিক্ষুব্ধ জনতা দরবারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে, অন্যদিকে পুলিশের ওপর সরাসরি হামলা চালিয়েছে। এ ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। মামলায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার মানুষকে আসামি করা হয়েছে, সংখ্যাটি স্পষ্ট করে দেয়, কতটা ব্যাপকভাবে সাধারণ মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
এ ধরনের ঘটনায় প্রথম যে বিষয়টি সামনে আসে, তা হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ও তাদের কার্যকর উপস্থিতি। পুলিশের ওপর হামলা শুধু আইনশৃঙ্খলা ভাঙনের চিত্রই নয়, বরং রাষ্ট্রের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ। যদি জনগণ মনে করে তারা আইন নিজের হাতে তুলে নিতে পারে, তবে সেটি পুরো সমাজের জন্য ভয়ঙ্কর সংকেত।
তবে এই ঘটনার গভীরে গেলে সামাজিক, ধর্মীয় এবং মনস্তাত্ত্বিক কিছু দিকও উঠে আসে। নুরাল পাগলের দরবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তার মৃত্যু, অনুসারী ও বিরোধী পক্ষের মধ্যে দ্বন্দ্ব এবং হঠাৎ জনতার উত্তেজনা মিলে একটি ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিয়েছে। ভক্তদের অন্ধবিশ্বাস এবং প্রতিপক্ষের ক্ষোভ মিলিয়ে এটি এক ধরনের বিস্ফোরণে রূপ নিয়েছে। সমাজে যখন যুক্তি ও ন্যায়বোধের জায়গা দুর্বল হয়ে পড়ে, তখনই এ ধরনের ভয়ংকর বিশৃঙ্খলার জন্ম হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন অভিযানে নামা জরুরি হলেও, শুধু গ্রেপ্তার বা মামলা সমস্যার পূর্ণ সমাধান নয়। বরং প্রয়োজন একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, যাতে জানা যায় এই ঘটনার মূল প্ররোচক কারা, কোন পরিস্থিতি সাধারণ মানুষকে এমন ভয়াবহ সহিংসতায় ঠেলে দিল। একই সঙ্গে দরকার স্থানীয় সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা, যাতে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা থেকে বিরত থাকে।
এখন গোয়ালন্দে পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্ষতচিহ্ন দীর্ঘদিন থেকে যাবে। ভাঙচুরের ধ্বংসস্তূপ কেবল ভবন বা গাড়ির ক্ষতি নয়; এটি আমাদের সামাজিক বোধ ও আইনের শাসনের ওপর আঘাতের প্রতীক।
রাষ্ট্রের উচিত এই ঘটনাকে কেবল একটি স্থানীয় গোলযোগ হিসেবে না দেখে, সামগ্রিকভাবে সমাজে অরাজকতা ও সহিংসতার প্রবণতা নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং সামাজিক অন্ধবিশ্বাস ভাঙা, এই তিনটি দিকেই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
কারণ যদি আমরা এখনই শিক্ষা নিতে না পারি, তবে ভবিষ্যতে একই রকম ঘটনা আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে।