পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’

টেস্ট ক্রিকেটকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। সাম্প্রতিক দল নির্বাচন ও ক্রিকেটার ব্যবস্থাপনার সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের কিছু সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটের প্রতি অবহেলারই ইঙ্গিত দিচ্ছে।
বিশেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সাইম আইয়ুবকে সরাসরি ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন নাসের।
সিপিএলে ভালো পারফরম্যান্সের পর সাইমকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে নেওয়া হয়। তবে টেস্টে ফিরে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের জন্য পাকিস্তানের নির্বাচকদের সিদ্ধান্তকেই দায়ী করছেন নাসের।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৫৩ রান করে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫২ রান।
স্কাই স্পোর্টসকে নাসের বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সাইম আইয়ুবকে দেখলে মনে হয়, অনেকক্ষণ ফিল্ডিং করার পর হঠাৎ ব্যাটিংয়ে নেমে ঠিকভাবে মনোযোগ দিতে না পারার একটি উদাহরণ এটি।’
সাইমকে কেন এমন পরিস্থিতিতে টেস্ট দলে নেওয়া হলো, সেটিই নাসেরের মূল প্রশ্ন। তার মতে, প্রায় ১১ মাস প্রথম শ্রেণির ক্রিকেটের বাইরে থাকা একজন ক্রিকেটারকে কয়েক দিন আগে পর্যন্ত সিপিএলে খেলার পর সরাসরি ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশনে টেস্ট খেলানো যথেষ্ট বিতর্কিত সিদ্ধান্ত।
নাসের বলেন, ‘আসল কথা হলো, ওর এখানে থাকাই উচিত ছিল না। সে গত ১১ মাসে কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি। মাত্র ১০ দিন আগেও সিপিএলে খেলছিল। কে মনে করেছে, বিদেশের কন্ডিশন থেকে তাকে উড়িয়ে এনে সম্পূর্ণ ভিন্ন সংস্করণে খেলিয়ে এই কন্ডিশনে ডিউক বলের বিপক্ষে ভালো করা সম্ভব হবে, তা আমি জানি না।’
নাসেরের মতে, টেস্ট ক্রিকেটে সফল হতে হলে ক্রিকেটারদের প্রস্তুতি, ম্যাচ অনুশীলন ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তার অভিযোগ, পাকিস্তানের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে সেই পরিকল্পনার ঘাটতিই স্পষ্ট হয়ে উঠেছে।