‘হরমুজ প্রণালির নাম হওয়া উচিত ট্রাম্প প্রণালি’: মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বলেছেন তিনি। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হবে বলেও দাবি করেছেন ট্রাম্প।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মিডটার্ম কনভেনশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে।
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ এখনই চলছে এবং আমরাই এতে জয়ী হচ্ছি। পুরো হরমুজ প্রণালি এখন আমাদের নিয়ন্ত্রণে।’
হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, এখন থেকে হরমুজকে আমাদের “ট্রাম্প প্রণালি” নামে ডাকা উচিত। আমারও তো এখান থেকে কিছু পাওয়া উচিত, তাই না? এটি ট্রাম্প প্রণালি হিসেবেই পরিচিত হবে।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আমার একটি ঘোষণা আছে—আমরা এটিকে “ট্রাম্প প্রণালি” বলেই ডাকব। আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এই নাম শুনে দারুণ রোমাঞ্চিত হবে।’
ইরানকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি ভেতর থেকে ভেঙে পড়ছে। তার দাবি, গত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যে ‘সবচেয়ে বড় ত্রাস’ হিসেবে প্রভাব বিস্তার করে আসছিল। তবে এখন দেশটি আর আগের অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্কবার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় সামান্য কিছু তৎপরতার খবর পাওয়া গেছে এবং সেখানে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে। ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালোভাবেই জানি সেখানে কী ঘটছে। তাই আমি ইরানকে কোনো ধরনের চালাকি বা বাড়াবাড়ি না করার পরামর্শ দেব। তা না হলে আমাদের বাধ্য হয়েই তাদের ওপর চরম আঘাত হানতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না। বিষয়টি একদম সহজ ও পরিষ্কার।’
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর একটি শান্তি চুক্তির পথ তৈরির লক্ষ্যে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে ওই সমঝোতার পরও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি