ব্যালন ডি’অর জেতার খবর পেয়েই শোকেসে জায়গা রেখেছিলেন ভিনিসিয়ুস

২০২৪ সালের ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক এখনো থামেনি। সেবার ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি পুরস্কারটি জিতলেও অনেকেরই মত ছিল, এটি পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
এবার সেই বিতর্কে নতুন তথ্য সামনে এসেছে। স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো দাবি করেছেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগেই ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনিই পুরস্কারটি জিততে যাচ্ছেন। এমনকি পুরস্কারটি বাড়িতে রাখার জন্য শোকেসে জায়গাও ঠিক করে রেখেছিলেন রিয়াল তারকা।
রাফার ভাষ্য অনুযায়ী, বিষয়টি তাকে ও জেনি হারমোসোকে ভিনিসিয়ুস নিজেই জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাফা লেখেন, ‘তাকে বলা হয়েছিল যে সে ব্যালন ডি’অর জিতবে। তাই ভিনি এটি রাখার জন্য শোকেসে একটি জায়গাও ঠিক করে রেখেছিল।’
শুধু পুরস্কার জয়ের প্রস্তুতিই নয়, ওই অনুষ্ঠানে ভিনিসিয়ুস ও জেনি একে অপরকে পুরস্কার তুলে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। জেনি ভিনিসিয়ুসের হাতে ব্যালন ডি’অর তুলে দেবেন, আর ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি।
সামাজিক কর্মকাণ্ড ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে জেনি হারমোসোকে সোক্রেটিস ট্রফি দেওয়ার কথা ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার নির্ধারিত হয়েছিল।
তবে পুরস্কার বিতরণীর আগের রাতেই বদলে যায় পুরো পরিস্থিতি। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ভিনিসিয়ুস নয়, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। এরপর প্যারিসে যাওয়া থেকে সরে দাঁড়ায় ভিনিসিয়ুস। একই সঙ্গে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদের পুরো প্রতিনিধিদল।
শেষ পর্যন্ত ২০২৪ সালের ব্যালন ডি’অর ওঠে রদ্রির হাতে। ভিনিসিয়ুসের নাম ঘিরে তৈরি হওয়া সেই বিতর্কের মধ্যে রাফা হারমোসোর এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।