আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় হাসপাতালে অবস্থান করেন। এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও তার সঙ্গে ছিলেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।
দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।
এদিকে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।