দেশে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি

দেশে হামের প্রকোপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩ জন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪০ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৭৩ জন। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৯৮ হাজার ৬০০ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।