জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ

অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল নগর গড়ে তুলতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ, টেকসই অবকাঠামো এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
শুক্রবার (১৭ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ নগরায়ণকে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।
তিনি জানান, সরকারের উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা এবং টেকসই নগর অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।
আহম্মদ সোহেল মনজুর বলেন, ভবিষ্যৎ নগর পরিকল্পনায় সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি টেকসই নগরায়ণ বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক অংশীদারিত্ব শক্তিশালী করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, এমন একটি নগর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে উন্নয়নের সুফল থেকে কোনো মানুষ বা অঞ্চল বঞ্চিত থাকবে না এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।