শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি অস্ট্রেলিয়ায় থেকে আর ফেরেননি, চাকরিচ্যুত তানজিনা রইস শিবিরের ম্যারাথন নিয়ে ফেসবুকে রাশেদ খাঁনের তীব্র সমালোচনা রাষ্ট্রদূত থেকে নৌপ্রধান, মিসবাহ উল আজীমের বর্ণাঢ্য ক্যারিয়ার নতুন ঋণের আগে পাঁচ সংস্কারে জোর আইএমএফের ফাইনালে কৌশলের যুদ্ধ, মুখোমুখি গুরু লুইস ও শিষ্য স্কালোনি জুলাই সনদ নিয়ে অপপ্রচার চলছে, বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর লড়াই শুরু জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ বৈশ্বিক জনমতে চীনের উত্থান, যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তায় ভাটা: পিউ জরিপ
  • রাষ্ট্রদূত থেকে নৌপ্রধান, মিসবাহ উল আজীমের বর্ণাঢ্য ক্যারিয়ার

    রাষ্ট্রদূত থেকে নৌপ্রধান, মিসবাহ উল আজীমের বর্ণাঢ্য ক্যারিয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নিয়োগ দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ জুলাই থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন, যার মেয়াদ শেষ হবে ২২ জুলাই ২০২৯।

    তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি ৮৭-এ ব্যাচে মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

    শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতী। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি অর্জনের পাশাপাশি এমফিল এবং স্ট্র্যাটেজিক, ডিফেন্স ও অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশ থেকে একাধিক মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত মেধাতালিকায় স্থান পাওয়ায় রাষ্ট্রপতির চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন।

    প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন ছাড়াও নৌ সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবেও কাজ করেছেন।

    তিনি বানৌজা ওমর ফারুক, এস আর আমিন, নির্ভয়, সৈকত এবং বানৌজা তিতুমীর-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

    আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জাতীয় স্কাউট পুরস্কার (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেছেন। এছাড়া তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন।

    সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও নৌ-কৌশল বিষয়ে তিনি একজন গবেষক ও লেখক হিসেবেও পরিচিত। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

    ব্যক্তিগত জীবনে খোন্দকার মিসবাহ উল আজীমের সহধর্মিণী বেগম নুরতাজ আজীম। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন