বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

মেডিকেল অক্সিজেন ব্যবস্থাপনায় ২৭ সদস্যের কারিগরি কমিটি পুনর্গঠন

মেডিকেল অক্সিজেন ব্যবস্থাপনায় ২৭ সদস্যের কারিগরি কমিটি পুনর্গঠন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের স্বাস্থ্যসেবায় চিকিৎসা অক্সিজেনের সহজ প্রাপ্যতা, মান নিয়ন্ত্রণ এবং টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬–২০৩০)’ প্রণয়নের লক্ষ্যে ২৭ সদস্যের একটি কারিগরি (টেকনিক্যাল) কমিটি পুনর্গঠন করেছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্যসেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা।

কমিটিতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল ফান্ড, ইউএনএফপিএ, ইউএনওপিএস ও ইউনিসেফের প্রতিনিধিরাও কমিটির সদস্য হিসেবে থাকবেন।

পাশাপাশি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, ওজিএসবি, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি), বুয়েট এবং আইসিডিডিআর,বির বিশেষজ্ঞদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই কমিটি দেশের স্বাস্থ্যব্যবস্থার সব স্তরে চিকিৎসা অক্সিজেনের উৎপাদন, সরবরাহ, মান নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি সমন্বিত রোডম্যাপ ও প্রয়োজনীয় গাইডলাইন প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন