পরীক্ষা নিয়ে উদ্বেগ স্বীকার, পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যেসব পরীক্ষাকেন্দ্রে অনিয়ম, প্রশ্নপত্রের ত্রুটি বা দুর্যোগজনিত কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব ক্ষেত্রে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, বর্ষাকালে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোথাও পানি ওঠা বা অন্য কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, কুমিল্লাসহ কয়েকটি অঞ্চলে প্রতিকূল পরিস্থিতির খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যদি প্রশাসনিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারেন বা ক্ষতির মুখে পড়েন, তাহলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃপরীক্ষাও আয়োজন করা হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সরকার কোনো পরীক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হোক, তা চায় না। তাই আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত রয়েছে।