অক্টোবরে জাতীয় নির্বাচন, শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

আগামী শুক্রবার (১৭ জুলাই) বিলুপ্ত করা হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। এর পর আগামী ২৭ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন।
মঙ্গলবার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি জনগণের সমর্থন যাচাই হবে। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা নেতানিয়াহুর জন্য এই নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল সর্বাধিক আসন পেলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে উগ্র ডানপন্থি কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে সরকার গঠন করা হয়, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকার হিসেবে পরিচিত।
দ্য গার্ডিয়ান জানায়, নেসেটের হাতে এখন মাত্র কয়েকটি অধিবেশন বাকি রয়েছে। তাই নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচনের আগে নেতানিয়াহু সরকার কয়েকটি বিতর্কিত আইন পাস করানোর চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পশ্চিম তীরে নতুন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের গতি বাড়তে পারে, যা অঞ্চলটিতে উত্তেজনা ও সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবারের নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা কঠিন হতে পারে। তবে অতীতেও জনমত জরিপকে ভুল প্রমাণ করে তিনি সরকার গঠন করেছিলেন। তাই নির্বাচনের ফল নিয়ে এখনই নিশ্চিত কোনো পূর্বাভাস দেওয়া যাচ্ছে না।