সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী

ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদ ধীরে ধীরে জাতির জন্য আশার প্রতীক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই সরকারের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি জীবনবান্ধব বাজেট। সরকারের কার্যকর উদ্যোগ ও সদিচ্ছার কারণে বাজেট ঘোষণার পরও অন্যান্য বছরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালার মাধ্যমে এসব সংকট সফলভাবে মোকাবিলা করতে বদ্ধপরিকর।

তারেক রহমান বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই বড় আকারের বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণ সরকারের প্রতি যে আস্থা রেখেছে, সেই আস্থা রক্ষা করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

তিনি আরও বলেন, এই বাজেটের মাধ্যমে নতুন অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থনীতিকে সীমিত গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, বাজেটের অন্যতম অগ্রাধিকার হচ্ছে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনা শক্তিশালী করতে সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন