সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি, ফিলিপাইনে ৩ জনের মৃত্যু

স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি, ফিলিপাইনে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফিলিপাইনের একটি স্কুলে সশস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পরপরই জড়িত দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লেইতে প্রদেশের টাকলোবান শহরের বারাঙ্গাই সান হোসে এলাকায় অবস্থিত সান হোসে ন্যাশনাল হাই স্কুলে সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। স্কুল চলাকালে বন্দুকধারীরা গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

টাকলোবান সিটি পুলিশ অফিস জানিয়েছে, হামলায় তিনজন নিহত হন এবং আহত পাঁচজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

টাকলোবান পুলিশের প্রধান নোয়েলিতো গেটিগান জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে একটি .৩৮ ক্যালিবার রিভলভার এবং একটি ৯ মিলিমিটার আগ্নেয়াস্ত্র ছিল।

তিনি আরও জানান, হামলায় জড়িত সন্দেহভাজনদের একজন নবম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার কিছুক্ষণ পরই তাকে গ্রেপ্তার করা হয়। অপর সন্দেহভাজন পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ হামলার পেছনের উদ্দেশ্য ও সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ফিলিপাইনে এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের জুলাই মাসে কেসন সিটিতে অবস্থিত আতেনেও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলায় সাবেক মেয়র রোজ ফুরিগাইসহ তিনজন নিহত হয়েছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন