মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে দুই দিনের কর্মব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দালিয়ান সফর শেষে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।
আতিকুর রহমান রুমন বলেন, দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত রোববার (২১ জুন) দুই দিনের সফরে মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।