সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়ার অভিযোগ, দ্রুত সংস্কারের দাবি

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়ার ঘটনা নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভবনটির নিরাপত্তা, সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় দ্রুত সংস্কার কাজের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এক সংসদ সদস্য।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম কার্যদিবসে এ বিষয়ে একটি নোটিশ উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি সংসদ ভবনের বর্তমান অবকাঠামোগত অবস্থার বিষয়টি তুলে ধরেন।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্র হিসেবে ভবনটির নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষায় জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম গ্রহণ প্রয়োজন।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে স্পিকার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। তবে নোটিশটি সংসদ সচিবালয়-সংক্রান্ত হওয়ায় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
এদিকে অধিবেশনে আরেকটি নোটিশ উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, সংসদের কার্যক্রম সম্প্রচারের সময় অনেক সংসদ সদস্যকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে, কারণ টেলিভিশন পর্দায় তাদের নাম ও নির্বাচনী এলাকার তথ্য প্রদর্শিত হয় না।
তিনি প্রস্তাব করেন, সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকার পরিচিতি প্রদর্শন করা হলে দর্শক ও সাধারণ মানুষের জন্য তাদের পরিচয় জানা সহজ হবে।
স্পিকার এ প্রস্তাবকে যৌক্তিক আখ্যা দিয়ে সংসদ সচিবালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, ভবিষ্যতে সংসদ সদস্যদের বক্তব্যের সময় তাদের নাম ও নির্বাচনী এলাকা টেলিভিশন স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
তবে বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় এই নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।