সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

ইরানের জব্দকৃত সম্পদ কেবল জনগণের কল্যাণে ব্যয় হবে: ভ্যান্স

ইরানের জব্দকৃত সম্পদ কেবল জনগণের কল্যাণে ব্যয় হবে: ভ্যান্স
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের জব্দ করা সম্পদ ছাড় করা হলে তা কঠোর প্রক্রিয়ার মাধ্যমে এবং শুধুমাত্র দেশটির জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনা শেষে ভ্যান্স বলেন, জব্দ করা অর্থ কখনোই সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহার করা যাবে না। কোনো অর্থ ছাড়ের সিদ্ধান্ত হলে তা যুক্তরাষ্ট্র ও কাতারের অনুমোদন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই কার্যকর হবে।

তিনি বলেন, সম্ভাব্য চুক্তির আওতায় এই অর্থ ইরানের জনগণের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যেমন মার্কিন ভুট্টা ও গম ক্রয়ে ব্যবহার করা হতে পারে।

ভ্যান্স আরও জানান, চুক্তির প্রাথমিক শর্তাবলি ইরান ঠিকভাবে পালন করছে কি না তা পর্যবেক্ষণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে এগোচ্ছে এবং একটি স্থায়ী সমাধানের লক্ষ্যেই উভয় পক্ষ কাজ করছে। আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা এক পর্যায়ে ওয়াকআউটের হুমকি দিলেও শেষ পর্যন্ত তারা আলোচনায় থেকে যায়।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, আলোচনার শুরুতে উত্তেজনা থাকলেও পরে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি ৬০ দিনের রোডম্যাপে সম্মত হয়, যার লক্ষ্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো।

উভয় পক্ষ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার পাশাপাশি লেবাননে সংঘাত কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথাও জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ