সেনা মোতায়েন সিদ্ধান্তে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ২২ জুন সোমবার থেকে ৩০ জুন মঙ্গলবার পর্যন্ত কার্যকর থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এসব পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় তা বেশি স্থিতিশীল।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিরোধ করতেই ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।