শনিবার, ২০ জুন ২০২৬
Natun Kagoj

মার্কিন শর্ত মানবে না ইরান: মোজতবা খামেনি

মার্কিন শর্ত মানবে না ইরান: মোজতবা খামেনি
ছবি: এআই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় ওয়াশিংটনের অতিরিক্ত শর্ত মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী ৬০ দিনের আলোচনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার অর্থ এই নয় যে ইরান যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নেবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি আরও বলেন, ভবিষ্যতে সরাসরি বা পরোক্ষ আলোচনা হলেও তা কখনোই প্রতিপক্ষের সব অবস্থান মেনে নেওয়ার সমান নয়। তিনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আলোচক দলের আশ্বাসের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে তিনি অনুমোদন দিয়েছেন।

তবে ব্যক্তিগতভাবে এ বিষয়ে তার ভিন্ন মত ছিল বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, জাতীয় স্বার্থ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই সরকারকে এগিয়ে যেতে দেওয়া হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, দেশের পারমাণবিক উপকরণ বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে আন্তর্জাতিক তদারকির আওতায় ইউরেনিয়াম নিম্নমাত্রায় সমৃদ্ধকরণের বিকল্প আলোচনা হতে পারে।

বিশ্লেষকদের মতে, তেহরান আলোচনার পথ খোলা রাখলেও পারমাণবিক কর্মসূচি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না।

চুক্তি অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ৬০ দিন আলোচনা চলবে বলে জানা গেছে।

এর আগে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের প্রস্তুতি থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং নির্ধারিত চুক্তি সই অনুষ্ঠান বাতিল করা হয়।


সূত্র: প্রেস টিভি/ দ্য জেরুজালেম পোস্ট/রয়টার্স
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ