খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪৯ জন আটক

খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপ-খাদ্য পরিদর্শক’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) পরীক্ষা চলাকালে অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সেলিমুল আজম।
তিনি জানান, পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে ২৫ জনকে সন্দেহজনক ডিভাইসসহ শনাক্ত করা হয়। এদের মধ্যে চারজন পালিয়ে গেলেও ২১ জনকে আটক করা সম্ভব হয়। পরে পরীক্ষা চলাকালে আরও ২৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থীও রয়েছেন।
সেলিমুল আজম বলেন, অতীতের তুলনায় এবার সবচেয়ে বেশি সংখ্যক জালিয়াতিকে শনাক্ত করা গেছে। যদিও সবাইকে ধরতে সক্ষম হওয়া যায়নি, তবুও অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
আটকদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাটারি ও ক্ষুদ্রাকৃতির ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।