আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্ক অবস্থানে পুলিশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা করছে পুলিশ। এ পরিস্থিতিতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং মিছিলের চেষ্টা করতে পারেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ আশঙ্কা করছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে উত্তেজনা আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য সংঘাত ও নাশকতা ঠেকাতে আগাম সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নামে ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের ঘটনা ঘটেছে। মহাখালীতে একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যেখানে তিনজনকে আটক করা হয়। একই সময়ে গণভবনের সামনেও যুবলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম যাতে জননিরাপত্তা বিঘ্নিত না করে, সে জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।