হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ার পেছনে মানুষের নিজস্ব বিশ্বাসের সঙ্গে মেলে—এমন তথ্যের প্রতি আগ্রহকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ও নির্দিষ্ট কিছু তথ্যসূত্র মানুষের পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য সামনে আনে। এ প্রবণতাকে বলা হয় ‘ইকো চেম্বার’।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, কেউ যদি বিশ্বাস করতে চান যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং এরপর পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণে চলে আসবে, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক পেজ ও তথ্যসূত্র পাওয়া যাবে, যেগুলো এ ধরনের দাবি প্রচার করছে।
তিনি বলেন, মানুষ সাধারণত নিজের পছন্দ ও বিশ্বাসের সঙ্গে মেলে—এমন তথ্য গ্রহণ করতে আগ্রহী। কিন্তু বস্তুনিষ্ঠ বাস্তবতা এবং মনগড়া তথ্য এক বিষয় নয়।
সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচারের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে করা এক পর্যালোচনায় সরকারের বিরুদ্ধে প্রায় ৪৫০টি পরিকল্পিত অপতথ্য প্রচার অভিযান শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে ১৫০টি সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পরিচালিত হয় বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার মোকাবিলায় প্রচলিত উদ্যোগ সব সময় প্রত্যাশিত ফল দেয় না। তাই শুধু অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, সাধারণ মানুষের মধ্যে তথ্য যাচাইয়ের সচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা তৈরি করা গেলে অপতথ্য ছড়িয়ে পড়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব।