বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার
  • নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম

    নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন জাতীয় বেতন স্কেল বা নবম পে-স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নিয়ম করেছে সরকার। এ ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, নতুন বিধান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব ব্যক্তির চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাঁদের চুক্তি সংশোধন করে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে তাঁদের বেতন পুনর্নির্ধারণ করতে হবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী তাঁরা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। চুক্তিতে নির্ধারিত অন্যান্য প্রাপ্য ভাতা বহাল থাকবে।

    অবসরের আগের গ্রেড ও ধাপ বিবেচনায় বেতন

    ২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন পেতেন, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপের বেতন বিবেচনায় নিয়ে চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।

    চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের বেতন নির্ধারণের সময় সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন—কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক—এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না।

    ইনক্রিমেন্ট ও আনুতোষিকের সুবিধা নেই

    চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে তাঁদের যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনা করে বেতন-ভাতা এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনা বহাল থাকবে। বেতন-ভাতা বিষয়ে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলোও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    উল্লেখ্য, এ-সংক্রান্ত অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন