কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশীদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে।
এ সময় মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন হাইকমিশনার। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি এবং মালদ্বীপের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
ঢাকায় একটি বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনার কথাও রাষ্ট্রপতিকে জানান হাইকমিশনার। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত হবে।
মালদ্বীপের অর্থনীতিতে কর্মরত এক লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে তিনি জনশক্তি, পর্যটন, মৎস্য ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সুযোগ অব্যাহত রাখার বিষয়েও আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।
আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবিত করে আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর করতে আগ্রহী। এ লক্ষ্য অর্জনে মালদ্বীপের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক উপস্থিত ছিলেন।