ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রীর নামে স্কুলের নামকরণের প্রস্তাব

দুই ছেলে ও ভাতিজির নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণের বিতর্ক চলমান থাকতেই এবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম যুক্ত করার প্রস্তাব উঠেছে।
প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ রাখার সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবটি পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে মতামত দিতে বগুড়ার জেলা প্রশাসক এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার কয়েকটি নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে।
তবে এসব অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী দাবি করেছেন, ইউনিয়নের নাম স্থানীয় জনগণের মতামত ও প্রশাসনিক প্রক্রিয়ার ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে। তিনি বিষয়টিকে কাকতালীয় বলে উল্লেখ করেন।
এদিকে বিদ্যালয়ের নাম পরিবর্তনের নতুন প্রস্তাব ঘিরেও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।