রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, মানবিক সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য সমন্বিত ও কার্যকর পদক্ষেপ এখন জরুরি।
বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ও হয়রানি বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য চলমান অর্থায়ন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সংকট তাদের জীবনমান ও সুরক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকে এবং দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।
অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।