সংসদে মাথা নত করে অভিবাদন রীতি বাতিলের ঘোষণা স্পিকারের

জাতীয় সংসদে অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদ সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর ধারায় সংসদে প্রবেশ ও বের হওয়ার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা থাকলেও অষ্টম সংসদে সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।
তিনি আরও উল্লেখ করেন, ওই সংশোধনী সংসদের স্থায়ী কমিটির সুপারিশে গৃহীত হয়েছিল এবং পরবর্তীতে সংসদে অনুমোদিত হয়। ফলে বিদ্যমান বিধি অনুযায়ী নির্দিষ্টভাবে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর বাধ্যবাধকতা নেই।
স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই এখন থেকে সদস্যরা তাদের নিজস্ব ধর্মীয় ও ব্যক্তিগত রীতি অনুসারে সংসদের সভাপতির প্রতি সম্মান জানাবেন।
এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই রীতির বিষয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি ইসলামী রীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। পরে স্পিকার বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।