সংসদে ‘শহীদের সন্তান’ দাবি করা এমপির বাবা জীবিত—তোলপাড়

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। পরে জানা যায়, তার বাবা এখনো জীবিত রয়েছেন এবং এ বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম দুজনই বর্তমানে জীবিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তার পরিবারে একাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন এবং বাবা ও দাদা শহীদ হয়েছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে হলফনামা ও পারিবারিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, তার বাবা-মা উভয়ই জীবিত এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য প্রকাশ পেয়েছে এবং তিনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন।
তার সহকর্মী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম ঘটনাটিকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে মন্তব্য করেছেন।