সংসদ ভবনে শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অংশ নেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিময় কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পাকিস্তান হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদলের সফরও বেড়েছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে দেশটির শিক্ষা ব্যবস্থার বিষয়ে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় ও শিক্ষা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ চলছে।
এছাড়া ‘নলেজ করিডোর’ প্রকল্পকে আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। সংসদীয় পর্যায়ে সম্পর্ক বাড়াতে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাবও উঠে আসে বৈঠকে।
আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।