গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা এবং একটি কার্যকর গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণমাধ্যম খাতের বিভিন্ন অংশীজনকে এক প্ল্যাটফর্মে এনে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করবে। আলোচনার মাধ্যমে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ সংস্কার কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণে সহায়ক হবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, গণমাধ্যমের কাজ শুধু তথ্য পরিবেশন নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাও তুলে ধরা। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পায় এবং জবাবদিহিতা আরও শক্তিশালী হয়।
জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন এবং স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম প্রতিষ্ঠার বিষয়ে মতামত তুলে ধরেন।