মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে ‘ককটেল ২’

বলিউডে নতুন রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ মুক্তির আগে থেকেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মুক্তি পেতে আর মাত্র একদিন বাকি থাকলেও অগ্রিম বুকিংয়ে ছবিটি ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে।
ট্রেড অ্যানালিস্ট সাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই সিনেমাটির ৭১ হাজারের বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। সংরক্ষিত আসন বাদ দিলে ছবিটির অগ্রিম গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি।
ব্লক সিটসহ হিসাব করলে মুক্তির আগেই আয় পৌঁছে গেছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। বিশ্লেষকদের মতে, এই অগ্রিম বুকিংয়ের গতি সিনেমাটির প্রতি দর্শকের ব্যাপক আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।
অঞ্চলভিত্তিক বুকিংয়ের মধ্যে সবচেয়ে বেশি সাড়া মিলেছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই অঞ্চল থেকেই আয় হয়েছে প্রায় ৯৬ লাখ রুপি। এরপর রয়েছে মুম্বাই, যেখানে বুকিংয়ের পরিমাণ প্রায় ৬৪ লাখ রুপি।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই সিনেমায় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির অভিনয় দর্শক প্রশংসা কুড়ায়। দীর্ঘ বিরতির পর আসা এই সিক্যুয়েলে এবার অভিনয় করছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন।