জাহের আলভীর জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদনে দাবি করেন, ঘটনার সঙ্গে জাহের আলভীর কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত বিরোধ ও পারিবারিক ক্ষোভের কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে তারা উল্লেখ করেন। তাদের মতে, এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।
আরও বলা হয়, ঘটনার সময় তিনি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন এবং দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় তাকে কারাগারে রাখা হলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলেও আদালতকে জানানো হয়।
শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেন। এতে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে আত্মহত্যার অভিযোগ আনা হয়।
২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। একই মামলায় আগে তার মা নাসরিন সুলতানা শিউলি জামিন পেয়েছেন।