শাহজালাল বিমানবন্দরে চালু হলো যাত্রীবান্ধব ফ্রি ওয়াই-ফাই সেবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আধুনিক ডিজিটাল সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ও আধুনিক ডিজিটাল সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
ফকির মাহবুব আনাম জানান, রাজধানীতে এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে আগ্রহী ছিল না। তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে।
এর আগে শনিবার (১৬ মে) মন্ত্রী জানান, সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির সংযোগ পৌঁছে দিতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।